বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির পর ভাষা হিসেবে বাংলার উন্নয়ন কতটা হলো , ৭৫ বছর পর সে প্রশ্নের একটি আবেগবর্জিত পর্যালোচনার কথা কি আমরা ভেবেছি ? আমাদের ভাষা আন্দোলনের ফল হিসেবে বাংলা একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে , যার কাজ হচ্ছে বাংলার প্রসার ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব কাজ করা । পরে ২০১০ সালে দেশের ভেতরে মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ এবং বহির্বিশ্বে বাংলা ভাষার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আইন করে প্রতিষ্ঠা করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট । দ্বিতীয় এই প্রতিষ্ঠানও এক যুগের মতো কাজ করছে । কিন্তু বাংলার প্রসার কতটুকু ঘটেছে ? ভাষার প্রসার আপনা – আপনি হয় না । যোগাযোগের ক্ষেত্রে প্রায়োগিক কার্যকরতার ওপর নির্ভর করে ভাষার প্রসার । মানুষে মানুষে যোগাযোগের যেমন একটা মানবীয় দিক আছে , তেমনি আছে অর্থনৈতিক বাধ্যবাধকতা । পরিবার ও সমাজে মানবিক সম্পর্কের কারণে যেমন আমাদের ভাষার প্রয়োগ দরকার হয় , তেমনি অর্থনৈতিক লেনদেনের জন্যও প্রয়োজন হয় ভাষার । ব্যবসা – বাণিজ্যের...