রাজতন্ত্রে রাজার ফোনেও আড়ি পেতে সার্বক্ষণিক নজরদারি হতে পারে। আবার সেই রাজার প্রধানমন্ত্রীর ফোনেও একই কাজ করতে পারে তাঁর নিরাপত্তাবাহিনী। বিষয়টা যতই অবিশ্বাস্য শোনাক না কেন, মরক্কোর ক্ষেত্রে সেরকমটি ঘটে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ‘নিষিদ্ধ কাহিনিগুলো‘ (ফরবিডেন স্টোরিজ) এর কাছে ফাঁস হওয়া অর্ধলাখ টেলিফোন নম্বরের তালিকা।এই তালিকা হচ্ছে ইসরায়েলের বহুল আলোচিত এনএসও গ্রুপের মোবাইল ফোনে আড়িপাতার প্রযুক্তি পেগাসাস এর গ্রাহকদের সম্ভাব্য লক্ষ্য যাঁরা, তাঁদের।তালিকাটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ১০টি দেশের ১৭টি সংবাদ প্রতিষ্ঠানের ৮০ জনের বেশি সাংবাদিক। অনুসন্ধানে পাওয়া তথ্যের প্রযুক্তিগত নিবিড় পরীক্ষার কাজটি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব। আর সেই পরীক্ষার ফল যাচাই করেছে কানাডার সিটিজেন ল্যাব। তালিকায় শুধু মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এবং তাঁর প্রধানমন্ত্রীই নন, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসা, ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধান রয়েছেন। ...