আগামী নির্বাচনকে ঘিরে রাজনীতিতে এখন ধীরে ধীরে উত্তাপ– উত্তেজনা বাড়ছে। দেশ–বিদেশে সবার কৌতুহলও বাড়ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যেও যেন একধরণের মেরুকরণ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর পক্ষ থেকে সুষ্ঠু,অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের তাগিদকে রাশিয়া, চীন এবং ইরান অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসাবে অভিহিত করেছে। এমনকি, ইউক্রেন দখলে সামরিক অভিযান পরিচালনাকারী রাশিয়া একে ’নয়া–উপনিবেশবাদী’ হস্তক্ষেপ বলতেও সঙ্কোচ বোধ করে নি। ভারত যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও বাংলাদেশে স্থিতিশীলতা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট করেই জানিয়েছে। রাজনীতিতে যে স্থায়ী কোনো শত্রু–মিত্র নেই, তার একটি নজির বাংলাদেশ সম্পর্কে এসব দেশের অবস্থান। ভারত এবং চীন ভূ–রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে বিপরীত অবস্থানে থাকলেও বাংলাদেশে কথিত স্থিতিশীলতার প্রশ্নে তাদের অবস্থান অভিন্ন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচনে জেনারেল এরশাদকে অংশ নেওয়ানোয় সরাসরি ভূমিকা গ্রহণ ছাড়াও সবার আগে তারাই প্রধানমন্ত্রীকে তাঁর সাফল্যের জ...