বাংলাদেশের সাংবিধানিক এবং আধা বিচারিক প্রতিষ্ঠানগুলোতে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্রে রূপান্তরের পালায় এবার নতুন মাত্রা সংযোজিত হয়েছে। রাজনৈতিক আনুকূল্য পাওয়া অবসরপ্রাপ্ত আমলাদের প্রাধান্যের কারণে নির্বাচন কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা যে প্রশ্নবিদ্ধ হয়েছে, তা নিয়ে খুব একটা বিতর্কের অবকাশ নেই। এবার জাতীয় মানবাধিকার কমিশনেও এর সংক্রমণ ঘটেছে। যদিও এর আগে ক্ষমতাসীন দলের সমর্থক ও অনুগতদের প্রাধান্য মানবাধিকার কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে। গত ২২ সেপ্টেম্বর সরকার কমিশনের নতুন চেয়ারম্যান, পূর্ণকালীন সদস্য এবং খণ্ডকালীন সদস্যদের নিয়োগ দেওয়ার পর দেশীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়ায় সে রকম বক্তব্যই উঠে এসেছে। বাংলাদেশের মানবাধিকার বিষয়ে কাজ করে, এমন বেসরকারি কয়েকটি সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) হতাশা ও উদ্বেগ প্রকাশ করে বলেছে, মানবাধিকারসংক্রান্ত কাজের কোনো অভিজ্ঞতা যাঁদের নেই, তাঁরাই নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছেন। ফোরাম বলেছে, নাগরিক সমাজের দীর্ঘ আন্দোলনের ফসল এ কমিশন প্রতিষ্ঠিত হলেও নানা কারণ...