বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা খুব জোর দিয়ে বলতে শুরু করেছেন বিরোধীদল বিএনপি নির্বাচনে ভয় পায়। এ জন্য তথাকথিত আন্দোলনের নামে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করছে। গত ২৬ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জানান, বিগত দিনে নির্বাচন ও এর প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির একমাত্র রাজনৈতিক অ্যাজেন্ডা। এ জন্য তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাঁর ওই বিবৃতির সপ্তাহ দুয়েক পর ১০ আগস্ট বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে যুবলীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বিএনপির নিবন্ধন বাতিল ও দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়েও একই ধরনের স্মারকলিপি তারা দিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। তাদের দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান সাংবাদিকদের বলেন, বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায়, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। ...