এই লেখা আপনার কাছে পৌঁছুনোর সময়ে হয়তো ফ্লোরিডার ফলাফল জানা হয়ে গেছে, অপেক্ষায় আছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের অন্য যেসব রাজ্য, সেগুলোতে কী হচ্ছে, তা জানার জন্য। তবে, অপেক্ষা যে শিগগিরই শেষ হবে তা নয়। এটা আজ দিনের মধ্যেও হতে পারে, আবার অপেক্ষা অনেক দীর্ঘও হতে পারে। মেয়াদ নবায়নের লড়াইয়ে নামা প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সম্পর্কে বলতে গেলে প্রায়ই বলেন, এরকম আগে কখনো কেউ দেখেনি, কেউ করতে পারেনি। তাঁর কারণেই এই নির্বাচনটির মত নির্বাচন আগে কেউ দেখেনি। নির্বাচনের যে ফল জানার জন্য আমেরিকানদের মতো সারা বিশ্ব অপেক্ষায় আছে তা কেমন হতে পারে ? জনমত জরিপ ঠিক হলে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দী জো বাইডেন জনপ্রিয় ভোট এবং ইলেক্টরাল কলেজ দুটোতেই জিতবেন। কিন্তু, কারচুপির অভিযোগ তুলে রাজনৈতিক ও আইনী লড়াই শুরু হতে পারে। ব্যবধান যদি অল্প হয়, কিম্বা ট্রাম্প জনপ্রিয় ভোট বেশি পাওয়ার পরও ইলেক্টরাল কলেজে বাইডেন বিজয়ী হন, তাহলে আইনী লড়াই হবে আরও দীর্ঘায়িত হতে বাধ্য। আবার, ২০১৬ ‘ র পুনরাবৃত্তি হলে ডোনাল্ড ট্রাম্প রহস্যময় আত্মবিশ্বাস এবং নীরব ভোটারদের সমর্থনে আরও চারবছরের কর্তৃত্ব ফিরে পাবেন। তৃতীয় সম্ভাবনা হচ্ছে বাইডেন ব...