এমন দিন খুব বেশি একটা আসে না , যেদিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পত্রিকায় বাংলাদেশের চলচ্চিত্র ও সামগ্রিকভাবে শিল্পকলা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ পায় । গত ৪ অক্টোবর সেটাই হয়েছে । বিশ্ব জুড়ে অনলাইনে পত্রিকাটি পড়ে প্রায় ৭ কোটি ৮০ লাখ পাঠক । সেই নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপা হয়েছে , যাতে বাংলাদেশের সিনেমার সাম্প্রতিক কিছু ভালো ও আলোচিত চলচ্চিত্রের কথা উঠে এসেছে । তবে দূর্ভাগ্য ও উদ্বেগের বিষয় হচ্ছে প্রতিবেদনটির বিচার্য আলোচনা মূলত সেন্সরশিপ , ডিজিটাল নিরাপত্তা আইন এবং পুলিশ ও কর্তৃপক্ষীয় হয়রানি । প্রতিবেদনের শুরুতে বাংলাদেশের তারকা পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীর ` শনিবার বিকেল ` ছবিটির ছাড়পত্র না পাওয়ার কথা বলা হয়েছে । নিউইয়র্ক টাইমসের দিল্লি প্রতিনিধি মুজিব মেশাল ও ঢাকার সাংবাদিক সাইফ হাসনাত তাঁদের যৌথ প্রতিবেদনে বলেছেন , ফারুকী তাঁর চলচ্চিত্রটির চিত্রায়নের আগেই তার কাহিনির নাট্যরুপের পান্ডুলিপি তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়ে অনুমোদন ...