স্কুলছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর মামলায় পুলিশি তদন্তকাজ বেশ দ্রুততার সঙ্গেই শেষ হয়েছে । আদালতও নালিশি মামলায় পুলিশের তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে সম্ভাব্য অভিযুক্তদের তদন্তের ফলাফল জানার সুযোগ না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন । আবরারের দুর্ঘটনাজনিত মৃত্যুর পেছনে কোনো পর্যায়ে কোনো অবহেলা আছে কিনা তার তদন্ত হওয়া উচিত । কিন্তু পুরো বিষয়টিকে প্রথম আলোকে শায়েস্তা করার উপলক্ষ হিসেবে ব্যবহারের চেষ্টা হচ্ছে কি না সেই প্রশ্ন ও শঙ্কা উঠে আসছে । আদালতের বিচার্য বিষয় নিয়ে গণমাধ্যমে খুব একটা আলোচনার সুযোগ নেই । উচ্চ আদালতে মতিউর রহমান জামিন পেলেও প্রথম আলোকে দেখে নেওয়ার আশঙ্কা কেন তৈরি হয়েছে , সেটি আলোচনা করা খুবই জরুরি । দেশে মতপ্রকাশের স্বাধীনতা যে সংকুচিত হয়ে চলেছে , তা সবারই জানা । দেশের ভেতরে এবং বাইরে যাঁরা গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করেন , তাঁরা সাম্প্রতিক বছরগুলোতে এ কথা বেশ জোরের সঙ্গেই বলে আসছেন । গণমাধ্যমের বহুত্ব প্রচার করে সরক...