নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসবে কি না কিংবা দেশীয় পর্যবেক্ষকদের মূর্তির ভূমিকা পালনের শর্ত নিয়ে নানা আলোচনার মধ্যে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অল্পস্বল্প বিতর্ক শোনা যাচ্ছে। এই বিতর্কের দুটো দিক প্রাধান্য পাচ্ছে। একটি হচ্ছে সাংবাদিকদের প্রতি নির্বাচন কমিশনের নির্দেশনা, যা অনেকটাই দেশীয় পর্যবেক্ষকদের অনুরূপ। ফলে ভোটের দিনে বস্তুনিষ্ঠভাবে প্রকৃত তথ্য সংগ্রহ ও প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। দ্বিতীয়টি হচ্ছে সম্প্রচারমাধ্যমসহ সংবাদমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের বিভিন্ন দলের প্রতি আনুগত্য ও পক্ষপাতের কারণে খবর এবং টক শোতে বস্তুনিষ্ঠ তথ্যের ঘাটতি। গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। মুক্ত সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কয়েক বছর ধরেই দেশের ভেতরে ও বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে এবং এসব দাবিতে সংগ্রাম চলছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধী ও নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অঙ্গীকার করার জন্য সম্পাদক পরিষদও সব দলের প্রতি আহ্বান জানিয়েছে। আপাতত নির্বাচনী হাওয়ায় সংবাদমাধ্যমও কিছুটা স্বাধীনতা ভোগের সুযোগ নিতে পারছে। কিন্তু সেই স্বাধীনতার যথার্থ ...